সারাদেশ
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (প্রায় ৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কয়েকদিন ধরে উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। দুপুরে প্ল্যাটফর্মের পশ্চিম পাশে অবস্থান করার সময় চিলাহাটিগামী ৭২৭ আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীরের একাধিক অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রফিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
উথলী রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।