সারাদেশ
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা, মায়ের জামিন
চুয়াডাঙ্গার ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক কাবেরী করিমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় দায়ের করা অপর মামলায় শিক্ষার্থীর মা মিতালী খাতুন জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) শিশুটির নানা আব্দুর রশীদ বাদী হয়ে আদালতে এ মামলা করেন। আদালত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বিদ্যালয়ের সমাবেশ চলাকালে তীব্র গরমে অসুস্থ বোধ করায় দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে কান চেপে ধরেছিল। এতে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক তাকে লাইনের বাইরে এনে দুই গালে চড় মারেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে তাকে অফিস কক্ষে নিয়ে আবারও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিশুটির চিৎকারে তার বাবা-মা ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় শিশু আইন, ২০১৩-এর ৭০ ধারা এবং দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬(২) ধারায় মামলা করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, থানায় মামলা না নেওয়ায় তারা আদালতের শরণাপন্ন হন।
অন্যদিকে, এ ঘটনার পর শিশুটির বাবা শামসুর রহমান শুভ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ ওঠে, যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে প্রধান শিক্ষক কাবেরী করিম বাদী হয়ে শিক্ষার্থীর বাবা-মায়ের বিরুদ্ধে পৃথক মামলা করেন। ওই মামলায় পুলিশ শিক্ষার্থীর মা মিতালী খাতুনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে মঙ্গলবার তিনি জামিন পান।
এদিকে, মামলার প্রধান অভিযুক্ত শামসুর রহমান শুভকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার আত্মসমর্পণের বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
উভয় পক্ষের মামলাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।