সারাদেশ
দামুড়হুদায় কৃষকদের আপত্তির মুখে নিম্নমানের চারা বদলে নতুন চারা বিতরণ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষকদের আপত্তির মুখে নিম্নমানের চারা পরিবর্তন করে নতুন ও উন্নতমানের চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সরকারিভাবে সরবরাহ করা ছোট ও নিম্নমানের চারা গ্রহণে কৃষকদের অনীহার পর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে নষ্ট হয়ে যাওয়া চারার পরিবর্তে শনিবার বিকেলে কৃষকদের মাঝে নতুন চারা বিতরণ করা হয়।
জানা গেছে, সম্প্রতি উপজেলা জুড়ে চারা বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে কার্পাসডাঙা ইউনিয়নের কয়েকটি এলাকায় তুলনামূলক ছোট আকারের চারা সরবরাহ করা হয়। চারাগুলোর আকার ছোট হওয়ায় বিতরণের শেষ পর্যায়ে কয়েকজন কৃষক তা নিতে অস্বীকৃতি জানান। পরে ওই চারাগুলো ধান্যঘরা গ্রামের এক ইউপি সদস্য নিজ উদ্যোগে রোপণ করেন। তবে নিম্নমানের কারণে রোপণের পর বেশ কিছু চারা নষ্ট হয়ে যায়।
বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নেয় দামুড়হুদা উপজেলা কৃষি অফিস। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে পুনরায় নতুন ও মানসম্মত চারা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৬ আগস্ট) কার্পাসডাঙায় উপস্থিত হয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নতুন চারা তুলে দেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মামুনুর রশিদ ও জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে শনিবার (৮ আগস্ট) উপজেলার কুড়ুলগাছিতেও একই ধরনের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।