সারাদেশ

চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম

চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দর্শনায় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে এ কর্মশালা আয়োজন করা হয়।

আইটিআর ও কারু বীথির যৌথ আয়োজনে এবং কিউলিপ ইনিস্টিটিউট অব ট্রেনিং অ্যান্ড রিসার্চের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। এতে আইটিআরের প্রধান নির্বাহী জাবির ইবনে মিজান, আয়োজক জাহিদুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর দর্শনা পৌর শাখার আমীর সাহিকুল আলম অপুসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। তিনি বলেন, শুধু পুথিগত জ্ঞান একজন মানুষকে কর্মক্ষেত্রে পুরোপুরি সক্ষম করে তোলে না। জীবনে সফল হতে হলে দক্ষতা অর্জনের বিকল্প নেই।

প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ১৭০ জন নারী-পুরুষ অংশ নিয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

এর আগে একই দিনে দুপুর ১২টায় দর্শনা কেরু উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দর্শনা পৌর শাখার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি লোকমান হোসাইন হৃদয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, জেলা সভাপতি সাগর আহমেদ, অফিস সম্পাদক পারভেজ আলম, অর্থ সম্পাদক আবু রায়হান এবং জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার আমীর সাহিকুল আলম অপু।