সারাদেশ
ভারতের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য বন্ধ, পণ্যবাহী ট্রাকে দীর্ঘ জট
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। এতে দুই দেশের বন্দরের অভ্যন্তরে পণ্যবাহী ট্রাকের জট বাড়ছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ভারতে সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ফলে দুই দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবোঝাই ট্রাক বন্দরের অভ্যন্তরে আটকে থাকায় জট বাড়ছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, শনিবার এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।