সারাদেশ
বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের গৌরবের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন প্রেসক্লাবের সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় ও কোর্ট এলাকা প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবির খান এবং চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রফেসর সিদ্দিকুর রহমান, সরদার আলী হোসেন ও এমএম শাহজাহান মুকুলসহ অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি।
আলোচনা সভা শেষে কেক কেটে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।