সারাদেশ

বিয়ের আয়োজনের মধ্যেই অসুস্থ কনে, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

বিয়ের আয়োজনের মধ্যেই অসুস্থ কনে, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাল্যবিয়ের আয়োজন চলাকালে অসুস্থ হয়ে পড়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। খবর পেয়ে বিয়ের আসরে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কিশোরীর বাবা রফিকুল ইসলাম কচিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কুড়ুলগাছি গ্রামে গোপনে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।

অভিযানের সময় বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এ সময় কিশোরী অসুস্থবোধ করলে তাকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

বাল্যবিয়ের আয়োজন এবং এতে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবা রফিকুল ইসলাম কচিকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।