সারাদেশ

২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম

২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলার ঘটনায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ৫টা ১০ মিনিটে গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে জন্মেজয় এলাকায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেললাইন উপড়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি তখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রেললাইন অপসারণের কারণেই ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, “প্রায় ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলার ফলে ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়। আমাদের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”

ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ লাইন মেরামত ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে।

উল্লেখ্য, গত শনিবার (২৭ ডিসেম্বর) ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। মনোনয়নের খবর প্রকাশের পর মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা আন্দোলনে নামেন। স্থানীয়ভাবে এই ঘটনার সঙ্গে সেই রাজনৈতিক উত্তেজনার যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।