সারাদেশ

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০৯ পিএম

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি
ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় মুজিব শতবর্ষের লোগো সংবলিত খামে ডাকযোগে পাঠানো একটি উড়ো চিঠিতে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার চিনাডুলী ইউনিয়নের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ ওই চিঠিটি পান।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামের ওপর প্রাপকের নাম হিসেবে মোহাম্মদ সবুজ এবং তার বাবা জাহাঙ্গীর আলমের নাম লেখা ছিল। খামের ভেতরে হলুদ রঙের কাগজে হাতে লেখা চিঠিতে অশালীন ভাষা ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেখানে তাকে প্রকাশ্যে গাছে ঝুলিয়ে হত্যার হুমকিও উল্লেখ করা হয়। চিঠিতে প্রেরকের কোনো নাম বা পরিচয় পাওয়া যায়নি।

মোহাম্মদ সবুজ জানান, তিনি বাড়িতে না থাকায় পরে জানতে পারেন যে আবু তালেব নামের একজন ব্যক্তি তাদের বাড়ির সামনে চিঠিটি রেখে যান। পরে তিনি ডাকঘরে খোঁজ নিলে জানা যায়, চিঠিটি ইসলামপুর উপজেলা ডাকঘর হয়ে এসেছে।

তিনি আরও বলেন, তার কারও সঙ্গে ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো বিরোধ নেই, যার কারণে এ ধরনের হুমকি আসতে পারে। বিষয়টি নিয়ে তিনি ও তার পরিবার আতঙ্কে রয়েছে এবং এখনো থানায় সাধারণ ডায়েরি করা হয়নি।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি তার জানা নেই এবং এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।