সারাদেশ

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাতজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল তিনটার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পাপ্পু, বিজু, বাদশাহ, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। খালাস পাওয়া আসামি ইদ্রিস আলী। তারা সবাই বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে রাত আনুমানিক ১২টার দিকে ভুক্তভোগী গৃহবধূ শেরপুর জেলার ঝগড়ারচর বাজার থেকে ইজিবাইকে করে বকশীগঞ্জের জানকিপুরে ভাড়া বাসায় ফিরছিলেন। পথে তার ইজিবাইক থামিয়ে জোরপূর্বক অন্য একটি ইজিবাইকে তুলে নেওয়া হয়।

পরে তাকে বকশীগঞ্জের নীলক্ষিয়া উত্তরপাড়ার একটি বাড়ির রান্নাঘরে নিয়ে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পরদিন ভুক্তভোগী নিজে বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ছয়জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

মামলায় মোট ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।