সারাদেশ

লোডশেডিং নিয়ে ক্ষোভ, ময়মনসিংহে বিদ্যুৎ অফিসে হামলায় আহত কর্মকর্তা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম

লোডশেডিং নিয়ে ক্ষোভ, ময়মনসিংহে বিদ্যুৎ অফিসে হামলায় আহত কর্মকর্তা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘদিন ধরে ট্রান্সফরমার পরিবর্তন না করায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম ও ড্রয়ার ভাঙচুর করা হয়। হামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামের কয়েক শ বাসিন্দা উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বিক্ষুব্ধ লোকজনকে কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়।

হামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিমরাইল গ্রামের কয়েক শ পরিবার প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এর পাশাপাশি এলাকায় নিয়মিত লোডশেডিং হচ্ছে। ট্রান্সফরমার পরিবর্তনের জন্য বিদ্যুৎ অফিসে বারবার যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, নতুন ট্রান্সফরমার দেওয়ার জন্য বিদ্যুৎ অফিসে গ্রাহকদের কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু এরপরও ট্রান্সফরমার পরিবর্তন করা হয়নি।

বেলা ১১টার দিকে ওই গ্রামের প্রায় ২০০ থেকে ২৫০ জন গ্রাহক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ অব্যাহত রয়েছে।