সারাদেশ
চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি জামালপুর সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ওই ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার।
গোয়েন্দা পুলিশ জানায়, রিমান্ডে থাকা মোটরসাইকেল চোরচক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে রশিদপুর পাকুল্লা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সোহাগকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরচক্রের সদস্যরা জানিয়েছেন, চুরি হওয়া মোটরসাইকেল বিক্রির দায়িত্বে ছিলেন সোহাগ। দীর্ঘদিন ধরে তিনি চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলেও দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
পরে শনিবার রাতে সোহাগের বিক্রি করা একটি চোরাই মোটরসাইকেল রশিদপুর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার জানান, গ্রেপ্তার সোহাগকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মোটরসাইকেল চুরি প্রতিরোধ ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।