সারাদেশ
ছাগল খেয়ে ফেলায় অজগরকে পিটিয়ে মারল গ্রামবাসী
মৌলভীবাজারের বড়লেখায় ছয়টি ছাগল গিলে খাওয়ার ঘটনায় একটি বিশালাকৃতির অজগরকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার বোবরথল (করইছড়া) গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে একে একে ছয়টি ছাগল নিখোঁজ হয়। প্রথমে চুরির সন্দেহ থাকলেও পরে গ্রামবাসী একটি অজগর সাপকে ছাগল গিলে খাওয়ার চেষ্টা করতে দেখে। তখনই উত্তেজিত হয়ে স্থানীয়রা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সাপটিকে ঘিরে ফেলে এবং পিটিয়ে হত্যা করে।
ঘটনার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। ছবিতে দেখা যায়, অজগরের মৃতদেহের পাশে ছাগলের মরদেহ এবং আশপাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের হাতে রয়েছে লাঠি ও ধারালো অস্ত্র।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, ছাগল খাওয়ার সময় অজগরটিকে দেখে ফেলে গ্রামবাসী এবং পরে সেটিকে মেরে ফেলে।
স্থানীয় পরিবেশকর্মী সাঈব আহমদ ইয়াসের বলেন, “বনবিভাগের উচিত এসব দুর্গম এলাকায় সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানো। মানুষকে বোঝাতে হবে বন্যপ্রাণীর গুরুত্ব ও সুরক্ষা কেমন হওয়া উচিত।”
এদিকে বনবিভাগ ঘটনার তদন্তে নেমেছে। বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল মৃধা বলেন, “ঘটনাটি জানার পর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবহিত করা হয়েছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে।”
বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলমও নিশ্চিত করেন, “ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”