সারাদেশ
মানিকগঞ্জে সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬
মানিকগঞ্জে পৃথক অভিযানে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মাহমুদুল হাসান জুয়েলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার বিভিন্ন থানায় চলমান রাজনৈতিক মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা ডিবির পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মমতাজ বেগমের পিএস মাহমুদুল হাসান জুয়েল (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের রতন খান (৪৩), মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম সেওতা গ্রামের আল-আমীন (৩২), সদর উপজেলার চেগারঘোনা গ্রামের আলী বর্দি মিয়া (৭০), শিবালয়ের শিমুলিয়া গ্রামের জসিম উদ্দিন (৪০) এবং দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হাজী মশিউর রহমান (৬৫)।
পরিদর্শক মোশাররফ হোসেন জানান, জেলার বিভিন্ন থানায় দায়ের করা একাধিক রাজনৈতিক মামলার তদন্তের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় এসব অভিযান চালানো হয়। অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।