সারাদেশ
ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ঝিনাইদহ সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে স্থানীয় বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে হওয়া এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুরসন্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ বিশ্বাস এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুর মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষ ঘটে।
বৃহস্পতিবার সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিন এবং জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের বাগবিতণ্ডাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপি নেতা শাহাবুর মোল্লার অভিযোগ, আল-আমিন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে এবং পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। তবে জাহিদ বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।
তার সমর্থক ফিরোজ দাবি করেন, “এর আগেও শাহাবুরের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে। আজও তার নির্দেশেই সংঘর্ষ হয়েছে, যাতে সাধারণ মানুষের সম্পদ লুটপাটের সুযোগ পায়।”
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।