সারাদেশ

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজবাড়ী আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল হক।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাসহ একাধিক মামলার আসামি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে বিদেশে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।

শুনানি শেষে শাহিন শেখকে আদালত থেকে বের করে কারাভ্যানে তোলার সময় তার দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত তাকে কারাভ্যানে তুলে আদালত এলাকা ত্যাগ করে। পরে স্লোগানকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর একই দিন সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চরলক্ষ্মীপুর নতুন বাজার এলাকার আবদুল হাকিম মোল্লার ছেলে সাজ্জাদ হোসাইন (২১), আবদুল হামিদ শেখের ছেলে পরশ আলী শেখ ওরফে শান্ত (২০) এবং আরও তিনজন কিশোর। পুলিশ জানায়, গ্রেপ্তার সবাই ছাত্রলীগের কর্মী ও সমর্থক।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ছাত্রলীগের পাঁচ কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।