সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে বিশ্বকাপজয়ী জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভিআইপি প্রোটোকলের মধ্যে থাকা গাড়িবহরে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশা ঢুকে পড়লে বহরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন। তবে ওজিল বা প্রতিনিধি দলের অন্য কেউ আহত হননি। আহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলেন তিনি এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন।