সারাদেশ
আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, ৭ পুলিশ আহত
গাজীপুরের শ্রীপুরে একটি অপহরণ মামলার আসামি গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় টাঙ্গাইল সদর ও শ্রীপুর থানা পুলিশের এক নারী সদস্যসহ সাতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার আসামি মনির হোসেন (৫০) ও তার ছেলে আদিল (২২)-কে গ্রেপ্তারের জন্য টাঙ্গাইল সদর থানার ছয় সদস্যের একটি দল শ্রীপুরে যায়। স্থানীয় শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিদের হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় তাদের স্বজনরা ‘ভুয়া পুলিশ’ ও ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন উত্তেজিত হয়ে পুলিশের গাড়ির সামনে অবস্থান নেয় এবং একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার সময় আসামিদের হাতকড়া ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
এই ঘটনায় উপপরিদর্শক তাজুল ইসলামসহ কনস্টেবল জাকির হোসেন, বাচ্চু মিয়া, কামরুল হাসান, ফাতেমা আক্তার, মোজাম্মেল হোসেন ও হাসানুর রহমান আহত হন। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে সবাই হাসপাতাল ত্যাগ করেছেন।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আসামি দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় জড়িত দুই নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম জানিয়েছেন, আসামি গ্রেপ্তারের সময় তাদের স্বজনদের হামলায় সাতজন পুলিশ আহত হয়েছেন।