সারাদেশ

পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম

পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২
ছবিঃ সংগৃহিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে তিনটি সরকারি খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (০২ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গায়েরগাড়ী, নাকাটি বটতলা ও বরাগাড়ী খাস পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন ধামাইনগর ইউনিয়নের কানাদিঘি গ্রামের মনছের আলীর ছেলে মো. ইসমাইল হোসেন এবং নাকাটি বটতলা গ্রামের মো. ময়দান আলীর ছেলে মো. আব্দুস ছালাম।

সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহতও হন। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐ ২ জন মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি'র নেতা সিদ্দিক ও অপর পক্ষের আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে পুকুরে জাল টান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি'র নেতা সিদ্দিকসহ অন্তত ১৫ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ও শহীদ মুনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাস্পাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) রেফার করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রতিপক্ষ আসমত আলী গংদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

মাধাইনগর ইউনিয় বিএনপি’র সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত ২ ব্যক্তি বিএনপি’র সমর্থক ছিলেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।