সারাদেশ

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
যুবদল নেতা বেলাল হোসেন মিশারী। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালকের মারধরে যুবদল নেতা বেলাল হোসেন মিশোরী (৫০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি এবং একজন ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত রিকশাচালক হলেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির শাহ আলমের ছেলে আরমান (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে অটোরিকশা দাঁড় করানোর ঘটনায় আরমানের সঙ্গে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের বাগবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসা করতে গিয়ে যুবদল নেতা বেলালও কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে, ফলে বেলাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আরমান পলাতক রয়েছেন।

এ ঘটনায় স্বজন ও বিক্ষুব্ধ জনতা নিহতের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে শহীদ ওসমান চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তারা অভিযুক্ত আরমানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

রায়পুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।