সারাদেশ
বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল শ্রমিক লীগ নেতার
বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ (৪০) নামে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন।
গতকাল শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে মোল্লাহাট পান বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। সোহাগ শেখ মোল্লাহাট সদরের উদয়পুর গ্রামের দাউদ আলী শেখের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও টিন/হার্ডওয়ার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সোহাগ শেখ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথে মোল্লাহাট পান বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে প্রস্তুত থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, কয়েকদিন আগে সোহাগ শেখের দোকানের এক কর্মচারিকে গুলি করা হয়েছিল। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন। কর্মচারীকে হত্যাচেষ্টা এবং মালিককে হত্যাকাণ্ডের পেছনে ব্যবসা সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
প্রসঙ্গত, শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে সোহাগ শেখের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার নুর ইসলাম (২৭) সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। কর্মস্থল থেকে নিজ বাড়ি কুলিয়া গ্রামে যাওয়ার পথে ঢাকা–খুলনা মহাসড়কের কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মোল্লাহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।