সারাদেশ
লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন—শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী এবং তাদের শিশু সন্তান। দুর্ঘটনায় গুরুতর আহত তাদের মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও ছেলে নিহত হন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।