সারাদেশ
আলমডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদি উৎসব
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দঘন ঈদ উৎসবের আয়োজন করেছে ‘উই ফর অল’ ও ‘স্বপ্নঘর ফাউন্ডেশন’।
সংগঠনটি ২০১১ সাল থেকে পিছিয়ে পড়া শিশুদের কল্যাণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও দুস্থ পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
বুধবার (১৮ মার্চ) আলমডাঙ্গার শহীদ মিনার প্রাঙ্গণে শত শত এতিম শিশুর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
উৎসবে অংশ নেওয়া শিশুরা নিজেদের পছন্দমতো নতুন পোশাক বেছে নেওয়ার সুযোগ পায়। পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ঈদ উপহার। এতে শিশুদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে ‘মেহেদি উৎসব’-এর আয়োজন করা হয়। রঙিন এই আয়োজনে শিশুরা মেহেদি পরিধান করে উচ্ছ্বাসে মেতে ওঠে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘উই ফর অল’-এর চেয়ারম্যান ডা. মো. আব্দুল্লাহ আল মামুন। এ সময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা চলবে।