সারাদেশ
পদ্মা নদীতে বাসডুবি, ২৩ জনের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া বাসটি নদী থেকে তুলে আনে। এ সময় বাসের ভেতর থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার ভোরে নদী থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দুর্ঘটনার সময় স্থানীয়দের সহায়তায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, উদ্ধার করা মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এর মধ্যে ২২ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনাকবলিত ‘সৌহার্দ্য পরিবহন’ বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে এবং এখনও নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।
ঘটনাস্থলে নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করছেন।