সারাদেশ

গাছ কাটার অভিযোগ ও প্রাণনাশের হুমকি, চুয়াডাঙ্গায় ভুক্তভোগীদের সাংবাদিক সম্মেলন


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম

গাছ কাটার অভিযোগ ও প্রাণনাশের হুমকি, চুয়াডাঙ্গায় ভুক্তভোগীদের সাংবাদিক সম্মেলন
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাগানের গাছ চুরি, লুটপাট এবং বাগান মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (২৮ মার্চ) বেলা ১২টায় উপজেলার শিবনগর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে বাগান মালিক বাহালুল হক অভিযোগ করেন, এলাকার একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তার প্রায় ১৮ বিঘা জমির ওপর গড়ে তোলা আমবাগানে প্রবেশ করে গাছ কেটে নিয়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। তিনি দাবি করেন, গত ৯ মার্চ সকালে সংঘবদ্ধভাবে দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ১১০টি গাছ কেটে নিয়ে যায় এবং বিভিন্ন ফলদ গাছের ডালপালা নষ্ট করে। এতে আনুমানিক ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তারও করে এবং পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তবে বাহালুল হকের অভিযোগ, গ্রেপ্তার হওয়া আসামিরা জামিনে বেরিয়ে এসে তাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে তিনি বর্তমানে নিজ বাড়িতে থাকতে পারছেন না এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও বলেন, তার বাগানের জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ‘মাজার’ সংক্রান্ত ভুয়া প্রচারণা চালিয়ে আসছে একটি পক্ষ। একই অভিযোগে অতীতেও একাধিক মামলা করা হলেও আদালতে তিনি খালাস পেয়েছেন বলে জানান। বর্তমানে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য ভুক্তভোগীরাও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে।