সারাদেশ

মুন্সিগঞ্জে ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম

মুন্সিগঞ্জে ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা
ছবিঃ সংগৃহিত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। রাতে গজারিয়া থানায় আহত মুক্তিযোদ্ধার ভাতিজা মো. আসাদ বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ১০ জনকে এজাহারভুক্ত আরও ৫ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

আহত মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈম উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকায় চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয় নাসিমুল ও মনির হোসেনের সঙ্গে অহিদুজ্জামান নাঈমের একটি সালিশ বৈঠক চলছিল। সালিশ শেষে তিনি একা মহাসড়কের পাশে গেলে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও দনিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন প্রধানের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল নাঈমের ওপর অতর্কিত হামলা চালায়। 

হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার একটি হাত ও একটি পা ভেঙে যায় এবং মাথার পেছনে আঘাত লাগে।  

আহত মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈম অভিযোগ করে বলেন, সালিশ থেকে বের হওয়ার পর তুহিন প্রধান ও তার সহযোগীরা তাকে ঘিরে ফেলে এবং কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। 

এদিকে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, এজাহারভুক্ত পারভেজকে (৪০) মঙ্গলবার রাতে বালুয়াকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।