সারাদেশ
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
চুয়াডাঙ্গায় গরমের আগমনের সঙ্গে সঙ্গে জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে প্রভাব ফেলেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষদের জন্য জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর তিনটায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ।
আবহাওয়া অফিস জানায়, জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার পারদ সামান্য বাড়তে পারে। আগামী তিনদিন এই ধরনের তাপমাত্রা এ অঞ্চলে বিরাজ করবে।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকেই সূর্যের তাপ বাড়তে থাকে, আর দুপুরের দিকে তা অসহনীয় রূপ নেয়। অনেকেই গরম থেকে বাঁচতে ছাতা, টুপি ও পানি সঙ্গে রাখছেন।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আর্দ্রতা কম থাকলেও তাপমাত্রা বেশি থাকায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৫ এপ্রিলের পর তাপমাত্রা কমতে পারে। বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলমান রয়েছে।
চিকিৎসকরা সতর্ক করেছেন, এই তাপদাহে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার। পাশাপাশি বেশি পানি পান, হালকা খাবার গ্রহণ এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।