সারাদেশ

দেশের চার বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ এএম

দেশের চার বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

দেশের চারটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে এ ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

পরবর্তী দিনের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন নাও হতে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শুক্রবারের পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবারের পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও আসতে পারে।