সারাদেশ
ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন দুই যুবতী
ভারতে পাচারের শিকার দুই যুবতী সাজা ভোগ শেষে বেনাপোল হয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন।
শনিবার (০২ মে) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের হস্তান্তর করেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।
ফেরত আসা দুইজন হলেন—সিরাজগঞ্জের চার মোহনপুর গ্রামের আজিম আলীর মেয়ে আর্জিনা প্রামানিক (৩১) এবং ঢাকার পার গেন্ডারিয়ার তারা মিয়া সরদারের মেয়ে তহমিনা আক্তার ইতি (৩৫)।
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে তারা দালালদের মাধ্যমে সীমান্তের চোরাপথে ২০২৪ সালে রাতের আঁধারে ভারতে যান।
ভারতের গ্রান্ট রোড, মুম্বাই শহরে বাসাবাড়িতে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় সেদেশের পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে আদালতে পাঠায়। পরে আদালত তাদের মুম্বাইয়ের ‘নবজীবন মহিলা হোম’ সংশোধনাগারে পাঠান। পরবর্তীতে দুই দেশের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফেরেন।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।