সারাদেশ

চুয়াডাঙ্গায় যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:০২ পিএম

চুয়াডাঙ্গায় যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সৌরচালিত সেচ পাম্পের উদ্বৃত্ত বিদ্যুৎ ব্যবহার করে তৈরি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত ‘স্মার্ট-এসআইপি’ প্রকল্পের আওতায় আজ এই প্রদর্শনী সাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশে টেকসই কৃষি, নবায়নযোগ্য শক্তি এবং জলবায়ু সহনশীলতা এগিয়ে নেওয়ার লক্ষ্যে চুয়াডাঙ্গার ওয়েভ ফাউন্ডেশনের ‘এগ্রো ইকোলজি লার্নিং অ্যান্ড ট্যুরিজম সেন্টারে’ স্থাপন করা হয়েছে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ‘ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশন’ (WSUP) এবং ওয়েভ ফাউন্ডেশনের যৌথ বাস্তবায়নে এই উদ্যোগে অর্থায়ন করছে যুক্তরাজ্য সরকারের ‘আইরটন ফান্ড’।

সৌরচালিত সেচ পাম্পের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে গ্রামীণ অর্থনীতি সচল রাখাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। ৬ কিলোওয়াট ক্ষমতার এই সৌরবিদ্যুৎ প্রদর্শনী সাইট থেকে সেচ সুবিধার পাশাপাশি মিলবে নিরাপদ পানি ও ব্যাটারি চার্জিংয়ের সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির প্রকল্প প্রধান প্রফেসর ড. লিনসি মেলভিল এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. চয়ন কুমার সাহাসহ দুই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা করছেন, গ্রামীণ এলাকায় সৌরশক্তির বহুমুখী ব্যবহারের ক্ষেত্রে এই প্ল্যান্টটি একটি কার্যকর মডেল হিসেবে ভূমিকা রাখবে।