সারাদেশ

বরিশালে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা                 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:৪০ এএম

বরিশালে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা                 
ছবিঃ সংগৃহিত

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। হামলায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন-আরিফ মোল্লা (৩৫), শামীম মোল্লা (২৬), মুনসুর মোল্লা (৭০) ও আলাউদ্দিন (২৪)।

গতকাল শুক্রবার (২২ মে) দুপুরে উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ডিবি পুলিশের এসআই আরসেলের নেতৃত্বে সাত সদস্যের একটি দল সেখানে মাদক উদ্ধারে অভিযান চালায়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এহতেশামুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের সময় আসামি ছিনিয়ে নেওয়ার উদ্দেশে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলার ঘটনায় দুইজন কনস্টেবল আহত হন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা প্রক্রিয়াধীন। আহত দুই কনস্টেবলকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে তাদের সঙ্গে ডিবি সদস্যদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় আরিফ মোল্লা নামে এক ব্যক্তি তার কাছে থাকা মাদকের পোটলা পাশের একটি পুকুরে ফেলে দেন। পরে ডিবি পুলিশের কনস্টেবল মৃণাল পুকুর থেকে মাদক উদ্ধার করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে হামলায় আহত হন ডিবি সদস্য মেহেদী।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, হামলার ঘটনায় অভিযুক্ত আরিফ মোল্লা উজিরপুর পৌর শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, হামলার ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ওই এলাকায় মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।