সারাদেশ

এআই দিয়ে ভিডিও বানিয়ে প্রবাসীর স্ত্রীর টাকা হাতিয়ে নিল প্রতারকরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:১১ পিএম

এআই দিয়ে ভিডিও বানিয়ে প্রবাসীর স্ত্রীর টাকা হাতিয়ে নিল প্রতারকরা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে একটি চক্র।

প্রতারকরা প্রবাসী স্বামীর ইমো অ্যাকাউন্ট হ্যাক করে তাকে পুলিশে আটকের ভুয়া নাটক সাজিয়ে স্ত্রীর কাছ থেকে বিকাশের মাধ্যমে দফায় দফায় এই অর্থ আদায় করে।

এ ঘটনায় প্রতারণার শিকার রুজিনা আক্তার বৃহস্পতিবার (১৮ জুন) বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী রুজিনা আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত। গত ১ মে তার স্বামীর ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারক চক্রটি। এরপর সেই অ্যাকাউন্ট থেকেই জানানো হয়, তার স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে।

ঘটনাটি বিশ্বাসযোগ্য করতে চক্রটি এআই প্রযুক্তির মাধ্যমে স্বামীর অবয়ব ও কণ্ঠস্বর নকল করে একটি ভুয়া ভিডিও পাঠায়। ভিডিওটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন রুজিনা।

প্রতারকরা প্রথমে স্বামীকে ছাড়ানোর কথা বলে ৬৩ হাজার টাকা দাবি করে। স্বামীর মুক্তির আশায় তিনি সরল বিশ্বাসে দুই দফায় ওই টাকা বিকাশে পাঠান।

এরপর আরও এক লাখ টাকা দাবি করা হলে তিন দফায় সেটিও পরিশোধ করেন তিনি। পরে একইভাবে আরও এক লাখ টাকা দাবি করলে তাও পাঠিয়ে দেন। এভাবে মোট ২ লাখ ৯০ হাজার টাকা নেওয়ার পর হঠাৎ করেই প্রতারক চক্রটি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে রুজিনা তার স্বামীর সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন এবং পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত প্রতারণা। এরপরই তিনি আইনের আশ্রয় নেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, প্রযুক্তির অপব্যবহার করে এই প্রতারণার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং অর্থ উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।