জাতীয়

লঞ্চভাড়া বাড়ল সাড়ে ৭ শতাংশ, রেলের ভাড়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

লঞ্চভাড়া বাড়ল সাড়ে ৭ শতাংশ, রেলের ভাড়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নৌযান মালিকদের দাবির তুলনায় কম হারে ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার দুপুরে সচিবালয়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক শেষে লঞ্চের ভাড়া বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পরিচালনা ও ব্যবস্থাপনা ব্যয়সহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ার কারণে নৌযান মালিকরা লঞ্চের ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ছিল ৩২ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন ভাড়া মাত্র ৩ টাকা বাড়ানো হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, ভাড়া বৃদ্ধি কখনোই কাম্য নয়। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খাতে এর প্রভাব পড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই ভাড়া সমন্বয় করা হয়েছে। তবে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি করলেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে সরকার তার চেয়ে অনেক কম হারে ভাড়া বাড়িয়েছে। তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে না পারে, সে বিষয়েও নজর রাখা হবে।

এদিকে ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, রেল মন্ত্রণালয় থেকে ভাড়া বাড়ানোর জন্য চাপ রয়েছে। ভাড়া না বাড়ালে রেলের লোকসান আরও বাড়বে-এমন যুক্তিও তুলে ধরা হয়েছে। তবে আপাতত রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মন্ত্রী বলেন, রেলের বর্তমান ভাড়া যাতে বহাল রাখা যায়, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। একান্তই যদি ভবিষ্যতে ভাড়া বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে তা যৌক্তিক হারে বাড়ানো হবে। তবে এখন পর্যন্ত রেলের ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্তই রয়েছে।

অন্যদিকে সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করেছেন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি বলেন, সিএনজির দাম বাড়েনি। ফলে সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর যৌক্তিকতা নেই।

কেউ যদি সিএনজিচালিত যানবাহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করেন, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় পরিবহন খাতে ভাড়া সমন্বয় করা হলেও সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কম রাখার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।