সারাদেশ
সুনামগঞ্জে এক হাজার পিস ‘ইয়াবাসহ জুলাই যোদ্ধাকে’ আটক করে গণপিটুনি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রায় এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারী এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সীমান্তবর্তী পুরান লাউড়েরগড় এলাকায়। বুধবার রাতে লাউড়েরগড় মাদ্রাসার সামনে নাজমুল হাসান হিমেল নামে ওই যুবক এবং তার সহযোগী সোহাগ আহমদকে আটক করেন স্থানীয়রা।
পুলিশ জানায়, আটক হিমেল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং তার সহযোগী সোহাগ একই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, তারা মোটরসাইকেলে করে সীমান্ত এলাকা থেকে ফিরছিলেন। এ সময় এলাকাবাসী তাদের আটক করে তল্লাশি চালালে প্রায় সাড়ে ৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এরপর বিক্ষুব্ধ জনতা তাদের একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে এবং পরে পুলিশে খবর দেয়।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, এলাকাবাসী হিমেলের কাছ থেকে বিপুল ইয়াবা উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন। তার দাবি, ওই যুবক সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। সময়মতো পুলিশ না এলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ বলেন, হিমেল ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। জুলাই আন্দোলনের সময় তিনি মিছিল-মিটিংয়েও অংশ নেন বলে দাবি করেন তিনি। তবে একই সঙ্গে তার বিরুদ্ধে মাদক কারবার ও প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগও রয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের আরেকজন জানান, ৫ আগস্টের পর তিনি একটি মাদকবিরোধী সংগঠন গড়ে তোলেন, তবে সেই পরিচয়ের আড়ালে নিজেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। কেউ প্রতিবাদ করলে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে মামলা দিয়ে হয়রানি করা হতো বলেও দাবি করেন তারা।
পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।