সারাদেশ

আধা ঘণ্টার বৃষ্টিতে প্লাবিত চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:৩৯ পিএম

আধা ঘণ্টার বৃষ্টিতে প্লাবিত চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী
ছবিঃ সংগৃহীত

মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের ভারী বৃষ্টি। তাতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটু, কোথাওবা কোমর সমান পানিতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি।  

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় ৪০ মিনিট স্থায়ী এই বৃষ্টিতেই নগরীর চকবাজার, কাতালগঞ্জসহ আশপাশের নিচু এলাকাগুলো প্লাবিত হয়।

বছরের পর বছর কোটি কোটি টাকার প্রকল্প চললেও সামান্য বৃষ্টিতে নগরী ডুবে যাওয়ার এই স্থায়ী রূপ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার সঠিক তদারকি ও খালগুলোর সংস্কার কাজ সময়মতো শেষ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামকে এখনো ডুবতে হচ্ছে।

তবে চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য চিরচেনা এলাকা প্রবর্তক মোড়ে অবশ্য এবার কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। মেগা প্রকল্পের আওতায় সেখানকার হিজড়া খালের মুখে বাঁধ দিয়ে চলমান কাজের সুবাদে প্রবর্তক মোড়ে আগের মতো পানি জমেনি। 

জানতে চাইলে চট্টগ্রাম আবহাওয়া অফিসের বিএফও মাহবুবুল আলম বলেন, 'সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মেঘের ঘনত্বের কারণে অল্প সময়ে তীব্র বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি জমেছে। দিনভর আকাশ মেঘলা থাকবে এবং থেমে থেমে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।'