সারাদেশ

টাঙ্গাইলে ভাতিজা হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড  


প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম

টাঙ্গাইলে ভাতিজা হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড  
ছবিঃ ঢাকা প্রকাশ

টাঙ্গাইলের গোপালপুরে ভাতিজাকে হত্যা মামলায় চাচা মো. নুরনবীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অপহরণের দায়ে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মরদেহ গুমের দায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এই রায় দেন। 

দণ্ডিত নূরনবী গোপালপুর উপজেলার নবধূলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় নুরনবী আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারী কৌশুলী রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমরাও খান দিপু বলেন, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপনের দাবিতে জেলার গোপালপুরের নাসির উদ্দিনের নাতি কেএম রাহেনুল ইসলাম আরাফকে কয়েক জনের সহযোগিতায় অপহরণ করেন চাচা নুরনবী। 

এ ঘটনায় ১১ অক্টোবর নাসির উদ্দিন গোপালপুর থানায় মামলা দায়ের করেন। পরের দিন কালিয়াকৈর এলাকা থেকে কেএম রাহেনুল ইসলাম আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এর পর মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৭ মে গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন ভূঞা নুরনবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।