সারাদেশ
জামালপুরে গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় চুরি
জামালপুর শহরে জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন মেলান্দহ সিভিল জজ আদালতের সিভিল জজ আহমাদুল কবির সাকিল এবং দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের সিভিল জজ নুসরাত জেরিন জেনি। তারা গত সাত মাস ধরে আমলাপাড়া এলাকার একটি তিনতলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন বিচারক আহমাদুল কবির সাকিল। এ সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। পরে হীরার একটি আংটি, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
আহমাদুল কবির সাকিল জানান, রাত ৮টার দিকে বাসায় ফিরে দরজার তালা খুলতে না পেরে প্রথমে ধারণা করেছিলেন তালাটি নষ্ট হয়েছে। পরে একজন মিস্ত্রি ডেকে আনলেও দরজা খোলা সম্ভব হয়নি। এতে সন্দেহ হলে রাত ৯টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন দেখা যায়, জানালার গ্রিল কাটা, ঘরের আসবাবপত্র তছনছ এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন বলেন, তিনতলা বাড়িটিতে পাঁচটি ইউনিট রয়েছে। এই প্রথম সেখানে চুরির ঘটনা ঘটেছে। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি বর্তমানে অচল। তার ধারণা, পরিকল্পিতভাবেই ক্যামেরা বিকল করে চুরির ঘটনা ঘটানো হয়েছে।
জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।