সারাদেশ

নড়াইলে ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রী নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম

নড়াইলে ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রী নিহত
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারানো পাথরবোঝাই একটি ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়ে ঘুমন্ত এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন আহত হয়েছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমা আক্তার সেতু (১৪) স্থানীয় নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত তার ছোট বোন মিতু একটি নুরানী মাদরাসার শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচামাল ব্যবসায়ী হাফিজার মোল্যার দুই মেয়ে সেতু ও মিতু রাতের খাবার শেষে প্রতিদিনের মতো ঘুমিয়ে ছিল। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক পথ ভুল করে সরু রাস্তায় ঢুকে পড়ে। বাড়ির সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের টিনের ঘরের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকভর্তি পাথর ঘরের ভেতরে থাকা দুই বোনের ওপর পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে পাথর সরিয়ে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক আনিচুজ্জামান জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।