সারাদেশ
কুড়িগ্রামে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (০৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বলদিপাড়া গ্রামের আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গেলে আবু সাইয়েদ বিদ্যুতায়িত হন। এ সময় তাকে উদ্ধার করতে স্ত্রী রাবেয়া বেগম এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পর্শে আসেন। পরে ঘটনাস্থলেই প্রথমে আবু সাইয়েদ ও পরে স্ত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পর্শ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।