সারাদেশ
কাপ্তাই লেকে পানির চাপ বাড়ছে, শনিবার খুলতে পারে ১৬ জলকপাট
কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খোলার প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।
উজান থেকে নেমে আসা পানির প্রবাহ বৃদ্ধি এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রটির ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল, যেখানে লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে জলাধারের ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বাড়ায় দ্রুত পানি বাড়ছে।
এ অবস্থায় শনিবার বেলা ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি ছাড়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে প্রবাহিত হতে পারে।
মাহমুদ হাসান জানান, লেকের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ এবং বৃষ্টিপাতের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির ওপর ভিত্তি করে গেট খোলার সময় পরিবর্তন হতে পারে। পাশাপাশি পানির প্রবাহ আরও বাড়লে ধাপে ধাপে গেট খুলে পানি ছাড়ার পরিমাণও বাড়ানো হবে।
তিনি আরও জানান, বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।
এদিকে স্পিলওয়ে খোলার সম্ভাব্য সিদ্ধান্তের কারণে কর্ণফুলি নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।