সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই কারবারির হাতাহাতিতে রাস্তায় পড়ে গেল ইয়াবা, কুড়িয়ে নিতে হুলুস্থুল


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই কারবারির হাতাহাতিতে রাস্তায় পড়ে গেল ইয়াবা, কুড়িয়ে নিতে হুলুস্থুল
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট কুড়িয়ে নিতে হুলুস্থুল পড়ে যায় স্থানীয়দের মধ্যে। পথচারী ও যানবাহনের চালকরাও এতে অংশ নেন। এ সময় অনেক ইয়াবা বিভিন্ন গাড়ির চাকার নিচে পড়ে নষ্ট হয়ে যায়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার নুনাছড়া এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই সড়কের ওপর হাজার হাজার পিস ইয়াবা ছড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন মিলে প্রায় এক হাজারের বেশি ইয়াবা সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করেন বলে দাবি করেন তারা।

স্থানীয় যুবক মোহাম্মদ জনি বলেন, ঘটনাস্থলে দুটি মোটরসাইকেলের আরোহীর মধ্যে তর্ক-বিতর্ক চলছিল। একপর্যায়ে তারা সড়কের ওপর ইয়াবা ফেলে দেয়। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ওই দুই ব্যক্তি পালিয়ে যায়। এ সময় নীল প্লাস্টিকে মোড়ানো ১০-১২টি প্যাকেটসহ শতাধিক ইয়াবা কুড়িয়ে নিয়ে পুলিশকে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি জানান, তিনি নিজেই প্রায় ২০০ থেকে ৩০০ পিস ইয়াবা কুড়িয়ে দিয়েছেন। তবে এসব ইয়াবা কত পরিমাণে পুলিশের কাছে জমা হয়েছে, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে ঘটনাস্থলে যাওয়া পুলিশের উপ-পরিদর্শক অনিক জানান, তারা ১০০ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১০০ গ্রাম গুঁড়া উদ্ধার করেছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, ধারণা করা হচ্ছে কোনো সংস্থার ধাওয়া খেয়ে কারবারিরা মাদক ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে।