সারাদেশ

টাঙ্গাইলে মাদক মামলায় আসামির যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা


প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

টাঙ্গাইলে মাদক মামলায় আসামির যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা
ছবিঃ ঢাকা প্রকাশ

টাঙ্গাইলের সখীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় হোসেন আলী (৫০) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হোসেন আলী উপজেলার কাহারতা রামখাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। একই মামলায় অপর আসামি সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে হিরু মিয়া ওরফে হায়দা (৫৫)-কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

টাঙ্গাইল দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, ২০২৫ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর উপজেলার বড়চওনা এলাকায় কালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে অভিযান চালায় টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) পুলিশ। অভিযানে হোসেন আলীর কাছ থেকে ৯০ গ্রাম এবং হিরু মিয়ার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই নুরুজ্জামান বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় হিরু মিয়া আদালতে উপস্থিত থাকলেও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হোসেন আলী পলাতক ছিলেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আতিকুর রহমান পারভেজ ও অ্যাডভোকেট খন্দকার মনিরুল ইসলাম মনির।