সারাদেশ

নতুন স্ত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল সৌদি প্রবাসীর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৪১ এএম

নতুন স্ত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল সৌদি প্রবাসীর
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় মো. ইয়ামিন ভূইয়া (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তার নববিবাহিতা স্ত্রী সুমা আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল সোমবার (২৭ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহত ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মো. আবুল বাশারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মুঠোফোনে পার্শ্ববর্তী মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের সুমা আক্তারের সঙ্গে ইয়ামিনের বিয়ে হয়। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরে গত ১৭ জুলাই স্ত্রীকে ঘরে তোলেন তিনি।

সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে ঘুরে অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন দম্পতি। পথে ভাদুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ইয়ামিন ও তার স্ত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।