সারাদেশ
চট্টগ্রামে গাছ থেকে কলা চুরির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাড়ির গাছ থেকে কলা চুরির প্রতিবাদ ও পূর্ববিরোধের জেরে মোহাম্মদ তোহা (৪৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষের এলোপাতাড়ি মারধর ও লোহার রডের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গতকাল শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে এবং তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে তোহার বাড়ির গাছ থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের লোকজনের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাতির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন তোহাকে বেধড়ক মারধর করে এবং লোহার রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আনোয়ার হোসেনকে আটক করে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঢাকা পোস্টকে বলেন, কলা চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বাকবিতণ্ডা ও সংঘর্ষে মোহাম্মদ তোহা নামের ওই ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় মোহাম্মদ আনোয়ার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।