সারাদেশ

নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে


প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম

নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
ছবিঃ ঢাকা প্রকাশ

নওগাঁর বদলগাছী উপজেলায় জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন যুবদলের এক নেতার বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর মাও আহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার (০২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসান রমন (৪২) জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। 

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, তিনি মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার অভিযুক্তরা হলেন একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান এবং তাঁর স্ত্রী আমেনা বেগম। স্থানীয়দের দাবি, মিজানুর রহমান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং আমেনা বেগম একই ওয়ার্ডের সভানেত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জমির আইল কাটা নিয়ে হাসান রমনের সঙ্গে মিজানুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ধারালো হাসুয়া দিয়ে হাসান রমনের বাম হাতে কোপ দেওয়া হয়। এতে তাঁর হাতের কব্জি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তাঁকে উদ্ধার করতে গেলে তাঁর মা বিউটি বেগমও হামলার শিকার হন। আহত মা-ছেলে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের বাবা ও মামলার বাদী দুদু মিয়া বলেন, জমির আইল নিয়ে বিরোধের জেরে তাঁর ছেলে হাসানের ওপর হামলা চালানো হয়। পরে ছেলেকে উদ্ধার করতে গেলে তাঁর স্ত্রী বিউটি বেগমকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে অভিযুক্ত মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর জমির আইল কেটে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে কয়েকজন তাঁর বাড়িতে হামলা করলে ধস্তাধস্তির সময় তাঁর হাতে থাকা ঘাস কাটার হাসুয়া দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হাসান রমনের হাতে আঘাত লাগে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান দুই আসামি মিজানুর রহমান ও তাঁর স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।