সারাদেশ
রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে নিখোঁজ, সকালে শহীদ মিনারে মিলল কিশোরের লাশ
মানিকগঞ্জের সদর উপজেলার জাগীর এলাকার ধলেশ্বরী মাঠের শহীদ মিনার থেকে শিহাব নামে ১৫ বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (০৯ আগস্ট) সকালে শহীদ মিনারের একটি স্তম্ভ থেকে শিহাবের লাশ উদ্ধার করা হয়।
নিহত শিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে মাছ কাটার কাজ করত।
পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন ধরে শিহাব নিয়মিত বাড়িতে থাকছিল না। প্রায়ই বন্ধুদের সঙ্গে বাইরে রাত কাটাত সে। ঘটনার আগের রাতেও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শিহাব।
শিহাবের মা জানান, ওই রাতে বন্ধুদের সঙ্গে বেউথা এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে তার কাছে ৫০০ টাকা চেয়েছিল ছেলে। তবে বাড়িতে ওই পরিমাণ টাকা না থাকায় তিনি টাকা দিতে পারেননি। পরে মন খারাপ করে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় শিহাব।
পরদিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা জানতে পারেন, সদর উপজেলার জাগীরের ধলেশ্বরী মাঠের শহীদ মিনারের একটি স্তম্ভে শিহাবের লাশ ঝুলছে।
ছেলের মৃত্যুর ঘটনায় স্থানীয় কয়েকজন যুবকের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন শিহাবের মা। তবে তার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।