সারাদেশ

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে তারা বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছিল। এতে অতিষ্ঠ হয়ে ওই দুই যুবক রাতে ঘর থেকে বের হয়ে রেললাইনের ওপর গিয়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ওই রেললাইন দিয়ে যাওয়ার সময় তাদের ওপর দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই হাসিব গাজী ও মেহেদী শেখের মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানিয়েছে পুলিশ।

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।