সারাদেশ
প্যারোলে মুক্তির পর ঢাকার পথে দীপু মনি
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ কারাগার থেকে পুলিশ ভ্যানে করে পুলিশি পাহারায় ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
এর আগে বুধবার মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী তাঁর প্যারোলের আবেদন মঞ্জুর করেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোল কার্যকর থাকবে।
প্যারোলে মুক্তির সময় দীপু মনি প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখার পাশাপাশি তাঁর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ ঢাকার কলাবাগানে তাঁর নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে দীপু মনি স্বামীর মরদেহ দেখবেন। পরে মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা ও দোয়া শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তাঁরা চার দিনের প্যারোল চেয়ে আবেদন করেছিলেন। তবে জেলা ম্যাজিস্ট্রেট ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন।
তিনি জানান, প্যারোলের পুরো সময় দীপু মনি পুলিশ পাহারায় থাকবেন। স্বামী দীর্ঘদিন অসুস্থ থাকার সময় কারাগারের বাইরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। স্বামীর মৃত্যুর পর এবার প্যারোলে মুক্ত হয়ে তাঁর মরদেহ দেখার সুযোগ পেলেন সাবেক এই শিক্ষামন্ত্রী।