সারাদেশ

নানার সঙ্গে আর বরিশাল যাওয়া হলো না মাহিনের


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

নানার সঙ্গে আর বরিশাল যাওয়া হলো না মাহিনের
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মাহিন নামে এক ৬ বছর বয়সি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিআরটিসি পরিবহনের ঘাতক বাসটির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে হাজীপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন কুয়াকাটা মুসুল্লিয়াবাদ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে এবং দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, দু'দিন আগে হাজীপুরে নানা অহিদ শিকদারের বাড়িতে বেড়াতে আসে মাহিন। ঘটনার সময় নানা-নানির সঙ্গে বরিশাল যেতে সড়কে দাঁড়িয়ে বাস থামাচ্ছিলেন নানা অহিদ শিকদার। কিন্তু বাসটি থামাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিনের শরীরে ধাক্কা দেয়। এসময় শিশুটি সড়কে ছিটকে পড়ে সামনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাকায় পৃষ্ঠ হয়ে ছেলে শিশুটির হাড়, মাংস অধিকাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া নাড়িভুড়িও বেড়িয়ে এসেছে। ফলে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিআরটিসি বাসের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।