সারাদেশ

নওগাঁর মান্দায় প্রশাসন-সেনাবাহিনীর অভিযানে ৬০ বস্তা সার উদ্ধার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

নওগাঁর মান্দায় প্রশাসন-সেনাবাহিনীর অভিযানে ৬০ বস্তা সার উদ্ধার
ছবি: ঢাকাপ্রকাশ

শুষ্ক মৌসুমের শুরুতে যখন মাঠজুড়ে ব্যস্ত সময় কৃষকদের, ঠিক তখনই নওগাঁর মান্দা উপজেলায় প্রশাসন ও সেনাবাহিনীর দ্রুত ও সমন্বিত তৎপরতায় উদ্ধার হলো ৬০ বস্তা রাসায়নিক সার যা পাচারের উদ্দেশ্যে রাজশাহীর তানোরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ভারশোঁ ইউনিয়ন পরিষদ মোড়। সেনাবাহিনীর তৎপরতা দেখে পথচারীদের কৌতূহল বাড়ে। এর আগেই দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি অটোচার্জার ভ্যানে বোঝাই করা ৪০ বস্তা এমওপি ও ২০ বস্তা টিএসপি সার তালন্দ এলাকার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে স্থানীয়দের সন্দেহ হয় অস্বাভাবিক সার পরিবহন নিয়ে। মুহূর্তেই খবর যায় প্রশাসনের কাছে। টহলরত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ভ্যানগুলো থামায় এভাবেই আটক হয় পাচারচক্রের চালানটি।

আটক গাড়িচালক শাহিন আলম জানান, হোসনপুর এলাকার কৃষক ওবাইদুল হক স্থানীয় বিসিআইসি ডিলার আশরাফ ট্রেডার্স ও খুচরা ব্যবসায়ী রবিনের কাছ থেকে সারগুলো কিনেছেন। সেগুলো পরিবহনের কাজে তিনি ও আরও দুই ভ্যানচালক ভাড়া হয়েছিলেন। কিন্তু তালন্দে পৌঁছানোর আগেই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা রানী মজুমদার এবং মান্দা–নিয়ামতপুর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বখতেয়ার।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, পাচারের খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। উদ্ধার করা সার কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। তিনি বলেন, “তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখও একই কথা জানান, জব্দ সার ইতোমধ্যে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে, পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী জানান, পাচার হওয়া সার স্থানীয় কৃষকদের প্রয়োজন মিটিয়ে দিতে সরকারের নির্ধারিত মূল্যেই বিক্রি করা হবে। এতে একদিকে যেমন বাজারে সার সংকট ঠেকানো যাবে, অন্যদিকে কৃষকরাও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পেয়ে উপকৃত হবেন।